পহেলা বৈশাখ সামনে

চাঁদপুরেও চলছে ইলিশের আকাল

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:৫৯
পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের শহর হিসেবে প্রসিদ্ধ খোদ চাঁদপুরেই ইলিশের আকাল। আর যাও ২/১টি পাওয়া যাচ্ছে তার মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। এদিকে চাঁদপুরে ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার পদ্মা-মেঘনাসহ দেশের ৫টি স্থানে মার্চ-এপ্রিল দু’মাস জাটকা সংরক্ষণকল্পে অভয়াশ্রম কার্যক্রম চালু রয়েছে। ফলে এসব অঞ্চলে জেলেরা ইলিশ আহরণ করতে পারছে না। যদিও ২/১ জন জেলে কোস্টগার্ড ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু ইলিশ ধরে নিয়ে আসছে। কিন্তু তাও আবার লুকিয়ে বিক্রি করছে। মত্স্য ব্যবাসায়ীরা জানায়, পদ্মা-মেঘনায় ইলিশের আহরণ নিষিদ্ধ থাকলেও সমুদ্রের নামা থেকে অর্থাত্ অভয়াশ্রমের বাইরের জলসীমা থেকে প্রচুর ইলিশ আহরণ করে তা বাজারে আসছে। গত ৪/৫ দিন পূর্বে ইলিশের যে মূল্য ছিলো, বর্তমানে এর মূল্য ৩/৪ গুণ বেড়ে গেছে। বর্তমানে চাঁদপুর ও আশপাশের এলাকায় ১ কেজি ২শ’ গ্রামের একটি বড় ইলিশের মূল্য ২৩শ’ টাকা থেকে ২৫শ’ টাকা, ৫/৬শ’ গ্রামের ১টি ইলিশ ১২শ’ থেকে ১৫শ’ টাকা এবং ‘টেম্পো’ আকারের ১টি ইলিশ ৮/৯শ’ টাকায় বিক্রি হচ্ছে।