হরতালে আইনজীবী ট্রাইব্যুনালে না এলে অভিযুক্তরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ বলেন, আইনজীবীরা অনুপস্থিত থেকে মক্কেলদের প্রতি অবিচার করছেন। এ অবস্থা চলতে থাকলে আদালত মামলার কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে।
মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা মুলতবির জন্য জুনিয়র আইনজীবী গাজী এইচ তামিম সময় চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল এ কথা বলেন। আবেদনে বলা হয়, আইনজীবী সৈয়দ মিজানুর রহমান তার মায়ের মৃত্যু পরবর্তী কার্যক্রমে যোগ দিতে গ্রামের বাড়ি ফরিদপুরে যাবেন। তাই তিনি এই কয়েকদিন ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারবেন না। এ সময় ট্রাইব্যুনালের নির্দেশে মুজাহিদকে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসের কাঠগড়ায় আনা হয়। ট্রাইব্যুনাল মুজাহিদকে উদ্দেশ্য করে বলেন, আপনার আইনজীবী ১১ এপ্রিল পর্যন্ত মুলতবি রাখতে চাচ্ছেন। আপনার আইনজীবীকে বুঝিয়ে বলবেন। না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এ রকম হলে আমরা আপনার মামলার কার্যক্রম ক্লোজ করে দেব। পরে এ মামলার কার্যক্রম আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল।
