জামায়াত ও হেফাজতে ইসলাম নিষিদ্ধের দাবি

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২১:৪৩
নগরীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সভায় বক্তারা অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ, সকল যুদ্ধাপরাধীর দ্রুত বিচার সম্পন্ন ও ফাঁসি এবং হেফাজতে ইসলামের নেতাদের গ্রেফতার এবং নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন। ১৮ দলীয় জোটের হরতালের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা এ দাবি জানান। তারা বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এবং যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য দেশে ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করছেন। তিনি বাংলাদেশকে ১/১১ এর দিকে নিয়ে যেতে চাইছেন। তারা অভিযোগ করে বলেন, বিরোধী দলের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্রে পরিণত করা। সংগঠনের সহসভাপতি মোবারক আলী শিকদার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বলরাম পোদ্দার, অ্যাডভোকেট সালাম, অরুন সরকার রানা, ইয়াহিয়া জামান, শেখ জাহাঙ্গির আলম, মনোরঞ্জন ঘোষাল, পারুল আক্তার লোপা ও মোমিন মেহেদী।