উড়োজাহাজ সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ করে রাখা ঢাকা-হংকং ও ঢাকা-দিল্লী রুটের ফ্লাইট চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। আগামী ৪ এবং ১৩ মে থেকে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহের প্রতি মঙ্গল ও শনিবার এবং সোম ও শুক্রবার যথাক্রমে দিল্লী ও হংকং রুটে বিমান ফ্লাইট চলাচল করবে।
১৬২ আসনের বোয়িং-৭৩৭ চলাচল করবে ঢাকা-দিল্লী-ঢাকা রুটে। এই জাহাজে ১২টি এক্সিকিউটিভ আসন থাকবে। ৩১৪ আসনের ডিসি-১০ চলাচল করবে ঢাকা-হংকং-ঢাকা রুটে। দিল্লী ফ্লাইটটি সপ্তাহে ২ দিন পৌনে ৭টায় এবং হংকং ফ্লাইটটি ৬টা ৫৫ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
১৯৯২ সালে ঢাকা-দিল্লী ফ্লাইট চালু করে বিমান; আর হংকং ১৯৯৩ সালে। বর্তমানে বিমানের আন্তর্জাতিক গন্তব্যের সংখ্যা ১৯।
বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কেভিন স্টীল বলেন, ‘এমন দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমানের ফ্লাইট পুন: চালু করতে পেরে আমরা খুবই খুশি। বাংলাদেশের মানুষ গর্ব করতে পারে বিশ্বমানের সর্বাঙ্গ সুন্দর এমন একটি এয়ালাইন্স গড়ে তোলার লক্ষ্যে গৃহীত কর্মসূচির শুভ সূচনা এ দুটি গন্তব্যে নতুনভাবে যাত্রা।
গত হজ্ব মৌসুমে ফ্লাইট সংকটের কারণে বন্ধ করে দেয়া হয়েছিল বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট। গত মার্চ মাসের মাঝামাঝি বৃটিশ নাগরিক কেভিন স্টিল জাতীয় পতাকাবাহী বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি বন্ধ হয়ে যাওয়া রুটগুলো আবার চালু করার উদ্যোগ নেন। প্রাথমিকভাবে বন্ধ রুটগুলোর মধ্যে ঢাকা-দিল্লী এবং হংকং রুটে চালু করার সিদ্ধান্ত নেয়া হল। গতকাল কেভিন স্টিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
