লংমার্চের সময় হেফাজতে ইসলামের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সম্বলিত বক্তব্য প্রত্যাহার করা না হলে আ’লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। গতকাল হেফাজতে ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা হাফেজ জুনাইদ বাবুনগরী এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার ঢাকার কাওরান বাজারে এক সমাবেশে মাহবুবুল আলম হানিফ হেফাজতে ইসলামের লংমার্চকে কেন্দ্র করে ৮০ থেকে ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে দাবি করে বক্তব্য দেন। তার এ বক্তব্য মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করলে হানিফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, আমরা বিস্ময় ও দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, নাম-পরিচয়বিহীন কোথাকার কোন্ লোক ‘ওয়ার্ডপ্রেসডটকম’-এ তার ব্যক্তিগত ব্লগে হেফাজতে ইসলাম সম্পর্কে মনগড়া কী কল্পকাহিনী ফেঁদেছে; অমনি মাহবুবুল আলম হানিফের মতো একজন রাজনীতিক, সরকারের দায়িত্বশীল ব্যক্তি সেটা লুফে নিয়ে তা বলে দিলেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ আমরা তাঁর মতো ব্যক্তির কাছে আশা করি না।
