দিল্লি নিরাপদ নয় : মমতা

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২৩:১৪
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, দিল্লি নিরাপদ নয়। আমি দু:খিত যে, আমি এখানে খারাপ আচরণের সম্মুখীন হয়েছি। কিন্তু প্রকাশ্যে বলতে পারছি না। কলকাতার কারাগারে পুলিশ হেফাজতে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার দিল্লিতে বামপন্থী ছাত্রদের তোপের মুখে পড়েন মমতা। গতকাল বুধবারই তিনি কলকাতা চলে যান। এ ঘটনায় প্রধানমন্ত্রী মনমোহন সিং দু:খ প্রকাশ করেছেন। খবর এনডিটিভির। মঙ্গলবারের ঘটনায় কলকাতায় মমতার দল তৃণমূল কংগ্রেস গতকাল বামপন্থী দলগুলোর অফিস ভাঙচুর করে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে গতকাল দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে মমতা ব্যানার্জি হামলার ঘটনায় তার দলের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছেন। মমতা বলেন, আমার দলের নেতাকর্মীরা আবেগপ্রবণ। কিন্তু তারা আমার নির্দেশ মেনে চলে। তারা কোনো সহিংসতায় জড়িত নয়। আর আমি তাদের সেটি করতে নিষেধ করেছি। মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন মমতা। গতকাল তিনি তার অসুস্থতার বিষয়টি উল্লেখ করে অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে নির্ধারিত বৈঠকেও অংশ নেননি।