নবাব ফয়জুন্নেছায় বিতার্কিক ছাত্রীদের সংবর্ধনা

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:১০
জাতীয় স্কুল টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতা-২০১৩ এর বিজয়ী কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের গত বুধবার নগরীর বাগিচাগাঁও আজিজুল হক রোটারি সেন্টারে সংবর্ধনা প্রদান করেছে রোটারি ক্লাব অব কুমিল্লা। ‘সুস্থ ধারার চলচিত্র নির্মাণে দর্শক নয়, নির্মাতার ভূমিকাই মূখ্য’ বিষয়ক বিতর্কে ঢাকার লক্ষ্মীবাজার সেইন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলকে হারিয়ে বিজয়ী হয় নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের রামিশা তাসনীম, রিমা আক্তার, মাহমুদা লোপা বিতর্কে অংশগ্রহণ করে। বিতর্কে রামিশা তাসনীম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। বিজয়ী বিতার্কিক ছাত্রীদেরকে এবং সংশ্লিষ্ট শিক্ষক আবদুর রহিমকে বুধবার এ সম্মাননা প্রদান করা হয়। রোটারি ক্লাব অব কুমিল্লার প্রেসিডেন্টস রোটা. হাসান ইমাম মজুমদার ফটিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার। ক্লাবের পক্ষ থেকে ছাত্রীদের ক্রেস্ট সম্মাননা, আর্থিক পুরস্কার ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এ্যাসিস্টেন্ট গভর্নর রোটা: পাপড়ী বসু, ডেপুটি গভর্নর রোটা: দিলনাশি মোহসেনসহ অন্যান্য ক্লাব সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।