মাদারীপুরের রাজৈরে স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্ত্রী মুন্নি বেগম। ঘটনাটি ঘটেছে সোমবার রাত একটার দিকে উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামে।
মুমূর্ষ অবস্থায় স্বামী হাবি বেপারীকে (৩৫) প্রথমে রাজৈর ও পরে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের হামেদ বেপারীর ছেলে হাবি বেপারীর সাথে প্রায় ১০ বছর পূর্বে মাদারীপুর সদর উপজেলার থানতলী গ্রামের এসকেন বেপারীর মেয়ে মুন্নির বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান জম্মগ্রহণ করে। সম্প্রতি মোবাইল ফোনে এক যুবকের সাথে স্ত্রী মুন্নির সম্পর্ক তৈরী হয়। এ বিষয়টি জানতে পেরে স্বামী হাবি বেপারী স্ত্রীকে বাধা দিয়ে আসছিলের। কিন্তু স্ত্রী বিপথ থেকে ফিরে না আসায় দাম্পত্য কলহ বেড়েই চলছিল। এর জের ধরে সোমবার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী মুিন্ন ধারালো অস্ত্র দিয়ে স্বামী হাবিকে কুপিয়ে দুই সন্তানকে রেখে পালিয়ে যায়।
৬ বছরের ছেলে তানজিল জানায়, মাকে দুপুরে দা ধারাতে দেখেছি এবং সেই দা দিয়েই রাতে বাবাকে কোপায়। এলাকাবাসী জানায় ৭/৮ জন যুবক একটি মাইক্রোবাসে করে স্ত্রী মুন্নিকে নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত জখম হাবির মা জয়নব জানায়, মুন্নির পরকীয়া প্রেমে বাধা দেয়ায় আমার ছেলে হাবিকে হত্যার উদ্দেশে কুপিয়েছে। ওসি জিয়াউল মোর্শেদ জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএম
