আজ বি’বাড়িয়ায় হেফাজতের মহাসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৪
ব্রাহ্মণবাড়িয়ায় আজ শুক্রবার হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে নতুন আবহ সৃষ্টি হয়েছে। ঢাকার লংমার্চের পর এটিই দলটির কেন্দ ঘোষিত প্রথম কর্মসূচি। জেলায় প্রথম মহাসমাবেশ ডাকায় দীর্ঘদিন ধরে কোনঠাসা হয়ে পড়া আলেমরা বেশ চাঙ্গা হয়ে উঠছেন। আয়োজকরা আশা করছে, মহাসমাবেশে ব্যাপক জনসমাগম হবে। জেলার ১২৪টি মাদ্রাসা থেকে ছাত্র-শিক্ষকরা অংশ নেবেন বলে স্থানীয় সূত্র জানায়। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার স্থানীয় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তোফায়েল আজম মনুমেন্ট প্রাঙ্গণে শেষ হলে হেফাজত ইসলামের নেতা মাওলানা আতাহার আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আবু বকর, মাওলানা আলাউদ্দিন প্রমুখ। মহাসমাবেশকে ঘিরে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন বিঘ্ন না ঘটে এ নিয়ে জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেন।পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় হেফাজত কর্মীদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবক রাখারও সিদ্ধান্ত হয়েছে। মহাসমাবেশ ঘিরে পুলিশও নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি পুলিশ ও নিরাপত্তা বাড়ানো হয়েছে