শিবিরের হরতালে রাজধানীতে তিন বাসে আগুন

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৬
জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের ডাকা হরতাল চলাকালে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন-ভাংচুর, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, মিছিল ও পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটিংকালে পুলিশের গুলিতে শিবিরের ২ কর্মী আহত হয়। নগরীতে অন্যান্য হরতালের তুলনায় বেশি দোকানপাট খোলা ছিল। অনেক যানবাহন চলাচল করেছে। দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ থাকলেও লঞ্চ, ট্রেন ও বিমান স্বাভাবিকভাবে চলাচল করেছে। রাজপথে হরতালের পক্ষের চেয়ে বিপক্ষে বেশি মিছিল দেখা যায়। হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীতে কালো পতাকা মিছিল বের করে শাহবাগের গণজাগরণ মঞ্চ। ভোর সাড়ে ৬টায় যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ নতুন রাস্তায় শিবির কর্মীরা মিছিল বের করে। এ সময় তারা চলন্ত একটি বাসে ইটপাটকেল ছোঁড়ে এবং আগুন ধরিয়ে দেয়। এতে যাত্রীরা আতঙ্কে হুড়াহুড়ি করে বাস থেকে নেমে পড়েন। ইটপাটকেলের আঘাতে মজিদ নামের এক যাত্রী আহত হন। পুলিশ সেখান থেকে একজনকে আটক করে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তি বাসেরই যাত্রী ছিলেন। পুলিশ বিনা কারণে তাকে আটক করেছে। ভোর ৬টা ১০ মিনিটে পুরান ঢাকার সদরঘাট এলাকায় শিবির কর্মীরা মিছিল বের করে। এ সময় তারা একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে দু’জন শিবির কর্মী পায়ে গুলিবিদ্ধ হয়। তাদেরকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করেছে। সকাল ৭টা ২০ মিনিটে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ২ নম্বর গেট এলাকায় শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলকারীরা একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়। ভোর সাড়ে ৬টায় শিবির কর্মীরা রায়েরবাগ এলাকায় ঝটিকা মিছিল বের করে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ৬টা ২০ মিনিটে মিরপুর ৬ নম্বর সেকশনে প্রশিকা ভবনের সামনে শিবিরকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং দুই শিবির কর্মীকে আটক করে। এদের কাছ থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৭টায় পুরান ঢাকার জিন্দাবাহার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছোঁড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। পুলিশ ধাওয়া করলে শিবির কর্মীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সকাল ৭টা ২৫ মিনিটে লক্ষ্মীবাজার এলাকায় শিবির কর্মীরা মিছিল বের করে। এ সময় তারা তিনটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।