দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেছে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলামসহ প্রায় সবগুলো ইসলামী দল এবং দেশের শীর্ষ ওলামা-মাশায়েখরা। এক বিবৃতিতে নেজামে ইসলামের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে লাগাতার হরতালের ডাক দেয়া হবে। অন্যদিকে একই দাবিতে রাজধানীর কামরাঙ্গীরচরে প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকটি ইসলামী দল। তারা বলেছেন, সুপরিকল্পিতভাবে নাস্তিক-মুরতাদদের খুশি করতেই মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ মাহমুদুর রহমানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে গণতান্ত্রিক, সাংবিধানিক ও মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, সরকার মাহমুদুর রহমানকে গ্রেফতার করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। অপরদিকে, ইসলামী ঐক্যজোট মাহমুদুর রহমানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে।
