ছাতিরচরে গড়ে উঠছে কমিউনিটি বাজার

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৫:৫৫
হাজারো সমস্যায় জর্জরিত হাওর অধ্যুষিত নিকলী উপজেলা। এই উপজেলার একটি ঘনবসতিপূর্ণ ইউনিয়নের নাম ছাতিরচর। সারা বছরই ভাঙনের শিকার একটি বিশালায়তন গ্রাম নিয়েই এই ইউনিয়ন গঠিত। চারদিকে ঘোড়াউত্রা নদী পরিবেষ্টিত দ্বীপসদৃশ ইউনিয়ন ছাতিরচর। ১১টি পাড়া নিয়ে ছাতিরচর গ্রাম গড়ে উঠেছে। পাড়াসমূহ হল দক্ষিণপাড়া দক্ষিণ, দক্ষিণপাড়া মধ্য, দক্ষিণপাড়া উত্তর, সোনাউল্লাহহাটি, পুরাণহাটি, বিজয়নগর, পশ্চিমপাড়া, সরজমহাজনহাটি, কালু মুন্সির হাটি, মধ্যপাড়া ও পূর্বপাড়া। এই ইউনিয়নে দশ সহস াধিক লোকের বসবাস। পরিবারের সংখ্যা দুই হাজার। আশ্চর্যের বিষয় এই যে, দেড় শতাধিক বছরের পুরাতন জনপদ হলেও এই ইউনিয়নে আজো কোন স্থায়ী বাজার গড়ে উঠেনি। একটি সরু লম্বা কাঁচা সড়কের দুইপাশেই নিত্যদিনের হাট-বাজার বসে। এই বাজারটিই তাদের পণ্য বেচার একমাত্র ভরসা। ফলে ক্রেতা-বিক্রেতাদের প্রতিদিনই অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। এমতাবস্থায় এলাকাবাসীদের দুর্ভোগ লাঘব করতে এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি। পপি’র ‘রিকল প্রকল্প’ সোনাউল্লাহ হাটিতে একটি স্থায়ী বাজার নির্মাণের জন্য মাটি ভরাট কর্মসূচি হাতে নিয়েছে। এরজন্য ব্যয় হবে প্রায় পাঁচ লাখ টাকা। জমির মালিকগণ দশ বছর বাজার হিসাবে ব্যবহারের জন্য তাদের ৫০ শতাংশ ভূমি প্রদানের লিখিত অঙ্গীকারনামা প্রদান করেছেন। বাজারটি দৈর্ঘ্যে ১৫০ ফুট, প্রস্থে ১৩০ ফুট এবং ১০ ফুট উচ্চতাসম্পন্ন হবে। মাটি ভরাট সম্পন্ন হওয়ার পর আনুমানিক ৮০টি দোকান নির্মাণ করা সম্ভব হবে। পপি-রিকল প্রকল্পের মাধ্যমে মাটি ভরাটকৃত বাজারে বরাদ্দপ্রাপ্ত দোকান মালিকগণকে বিনাশর্তে বিনা ভাড়ায় দশ বছরের জন্য শুধু ব্যবসা করার জন্য জায়গা প্রদান করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি কমিটি দোকান বরাদ্দ এবং বাজার উন্নয়ন কমিটি বাজারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। দোকান বরাদ্দের ব্যাপারে গরীব ও নারী ব্যবসায়ীদের অগ্রাধিকার দেয়া হবে। বরাদ্দপ্রাপ্তরা পরে নিজেদের উদ্যোগে দোকান নির্মাণ করবে। ছাতিরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ ইসলাম জানান, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। চিরঅবহেলিত ছাতিরচরবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। পপি-রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এ কে এম ওবায়দুল ইসলাম জানান, ইতিমধ্যে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। পপির উদ্যোগে বাজারে দু’টি টিউবওয়েল ও ৪টি ল্যাট্রিনও স্থাপন করা দেয়া হবে।