শিক্ষকরা কিভাবে পড়াবেন সে বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সাতদিনের এই কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ শাদাত উল্লা। কর্মশালায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো শহীদুর রশীদ ভুঁইয়া, ট্রেজারার ড. মো: হযরত আলী, অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত কোর্স কারিকুলাম, শিক্ষকদের পড়ানোর পদ্ধতি, ক্লাসের আগে প্রস্তুতি গ্রহণ ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হবে। কর্মশালার সমন্বয়ক অধ্যাপক ড. মো: রজ্জব আলী জানান, কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক কিছু শিখতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত কোর্স কারিকুলাম, পড়ানোর আধুনিক পদ্ধতিতে যে পরিবর্তন এসেছে সেসব সম্পর্কে ভাল ধারণা পাবেন।
