ব্যাংকের আমানত ও সুদ হারের ব্যবধান (সেপ্রড) হিসাবের বর্তমান পদ্ধতি পর্যালোচনা কমিটিতে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বেসরকারি খাত তথা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে যথাযথ আলাপ-আলোচনার মাধ্যমে সেপ্রড হিসাবের পদ্ধতি পর্যালোচনা করলে তা বাস্তবসম্মত হবে বলে মনে করে এফবিসিসিআই। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে এ বিষয়ে চিঠি লিখেছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। চিঠিতে কাজী আকরাম উদ্দিন আহমদ গঠিত কমিটিতে এফবিসিসিআই, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এবং সিপিডিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
