কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার দুপুরে জমির দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত এবং গতকাল শুক্রবার একজন মারা গেছেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে—ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ী গ্রামের ছামছুল হকের সাথে আট বিঘা জমি নিয়ে একই গ্রামের হাসু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমির দখল নিয়ে উভয়পক্ষ গত বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছামছুল হক, আজিজুল, নুর ইসলাম, সফিকুল, বাবুল, হাসু ও মোসলেম গুরুতর আহত হন। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়েছে। সেখান থেকে ছামছুল হককে আশঙ্কাজনক অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হলে গতকাল শুক্রবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড়ভাই আব্দুস ছোবহান ১৭ জনকে আসামি করে গতকাল দুপুরে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
