বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার পতনের শেষ অধ্যায়ের সূচনা হয়েছে। মাহমুদুর রহমান বর্তমান যুগের সাহসী কলম সৈনিক। তাকে গ্রেফতার করে সরকার নিজের পতন ডেকে এনেছে। তাই সময় থাকতে জনগণের দাবি মেনে নিন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাহমুদুর রহমানের গ্রেফতারের পর সারাদেশের মানুষের মতো আমরাও উদ্বিগ্ন। যদি তার কিছু হয়, তাহলে বিচারের কাঠগড়ায় প্রথম দাঁড়াবেন বর্তমান প্রধানমন্ত্রী। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বদেশ মঞ্চ আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
এমকে আনোয়ার বলেন, জাতি আজ মহাসংকটে। যারা ক্ষমতায় আছে তাদের সরকার বলা যাবে না। কারণ এরা হলো একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও হত্যাকারীগোষ্ঠী। এরা কোনো দিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই, এখনো করে না। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, তিনি শুধু একজন সাংবাদিক নয়, তিনি জনগণের অধিকার আদায়ের একজন অকুতোভয় সৈনিক। তিনি কখনো সরকারের রক্তচক্ষুকে ভয় পাননি, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমান সরকারের আমলে গ্রায় ২০জন সাংবাদিককে হত্যা করা হয়েছে দাবি করে এমকে আনোয়ার বলেন, এ সরকারের আমলে বিচার না হলেও আগামী দিনে ক্ষমতায় এলে বিএনপি সকল হত্যার বিচার করবে। স্কাইপে কথোপকথন প্রকাশের জন্য মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হলেও যেসব বিচারক স্কাইপে কথা বলেছেন তাদের কি অবস্থা, তা জানতে চান এমকে আনোয়ার।
কথায় কথায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে রিমান্ডে নেয়া হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, এখন আর প্রতিবাদ নয়, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। আনোয়ার বলেন, স্কাইপেতে সংলাপ প্রকাশ করা যদি অপরাধ হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্যাইব্যুনালে অভিযোগ করবে। তারা অভিযোগ না করা সত্ত্বেও মাহমুদুর রহমানকে গ্রেফতার করে সরকার প্রমাণ করেছে সংবাদপত্র তাদের কাছে নিরাপদ নয়।
সংগঠনের সভাপতি মামুনুর রশিদ খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার, হেলেন জেরীন খান প্রমুখ।
পরে একই স্থানে একই দাবিতে জাতীয়তাবাদী মোটরচালক দল আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন এমকে আনোয়ার।
