নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এবারের বর্ষবরণ অনুষ্ঠান

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২২:৪৪
বাংলা নববর্ষে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বর্ষবরণ অনুষ্ঠানস্থল। উত্সবকে আনন্দঘন ও নির্বিঘ্ন করতে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, চারুকলা ইন্সটিটিউট ও রবীন্দ্র সরোবরসহ ২২টি পয়েন্টে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। গতকাল শুক্রবার সকাল এগারটায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। তিনি নিরাপত্তার কথা বিবেচনা করে পহেলা বৈশাখে বিকাল পাঁচটার পর রমনা পার্ক ও সেখানে কোন অনুষ্ঠান না করার অনুরোধ করেছেন। ডিএমপি কমিশনার বলেন, বৈশাখ অনুষ্ঠানকে কেন্দ্র করে রমনা এলাকায় লাখ লাখ মানুষের সমাগম হবে। তাই ঐ এলাকাটি ধূমপানমুক্ত হিসেবে ঘোষণা করতে চাই। অনেক সময় এ ধরনের বড় উত্সবে অনেকে আতংক সৃষ্টির জন্য গুজব ছড়িয়ে থাকে। তাই কোনো প্রকার গুজবে কান দেয়া যাবে না। পাশাপাশি অনুষ্ঠানে কোন প্রকার অস্ত্র, ছুরি, কাঁচি, পটকা, দাহ্য পদার্থ, ব্লেড, নেইলকাটার, ম্যাচ, হ্যান্ডব্যাগসহ কোন ধরনের ব্যাগ না আনারও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, আব্দুল জলিল, ইব্রাহিম ফাতেমী, জয়েন্ট কমিশনার ডিবি মনিরুল ইসলাম, রমনা বিভাগের ডিসি মারুফ হাসান ও ডিসি মিডিয়া মাসুদুর রহমান। সম্মেলনে জানানো হয়, পহেলা বৈশাখে রমনার মূল অনুষ্ঠানস্থলে র্যাব, ডিবির বোমা নিষ্ক্রিয় টিম দায়িত্ব পালন করবে। মঙ্গল শোভাযাত্রার সামনে ও পিছনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে ডিএমপির সোয়াত টিম। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে রমনা বটমূল ও রবীন্দ্র সরোবর ঘিরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ছিনতাই, কিশোর ও শিশু নিখোঁজের ঘটনা এড়াতে প্রধান অনুষ্ঠানে কাজ করবে ডিএমপি ও র্যাবের গোয়েন্দা সদস্যরা। প্রতিটি অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে ও প্রতিটি সড়কে সন্দেহভাজনদের তল্লাশি করা হবে। একই সঙ্গে সারাদেশে প্রতিটি বিশেষ স্থাপনায় থাকবে করা নিরাপত্তা ব্যবস্থা। নববর্ষে তাত্ক্ষণিক সহায়তা পেতে পুলিশ ও র্যাবের একাধিক মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবে নগরবাসী। বিধিনিষেধ: রমনা পার্কে দর্শনার্থীকে অরুণোদয়, অস্তাচল, ও নতুন গেট থেকে মঞ্চস্থলে প্রবেশ করতে হবে। আর বের হবার সময় ব্যবহার করতে হবে উত্তরায়ন ও বৈশাখী গেট। কাকরাইল মসজিদ সংলগ্ন শ্যামলীমা এবং মত্স্য ভবন সংলগ্ন স্টার গেট থেকে বের হতে পারবেন সবাই। সোহরাওয়ার্দী উদ্যানের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট গেট, টিএসসি গেট ও তিন নেতার মাজার গেট দিয়ে ঢুকতে হবে। বের হবার জন্য ব্যবহার করতে হবে চারুকলার বিপরীতে শিশুপার্ক গেট ও কালী মন্দির গেট। শিখা চিরন্তন সংলগ্ন গেট বন্ধ থাকবে। পাশাপাশি রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমী, দোয়েল চত্বর, শিশু একাডেমী, হাইকোর্ট ও আশপাশের এলাকায় যানবাহন চলাচলে থাকবে বিধিনিষেধ। আজ শনিবার দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ কার্যকর হবে। বাস রুট পরিবর্তন: মিরপুর হতে বিভিন্ন রুটের যে সব বাস ফার্মগেট হয়ে গুলিস্তান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে সেসব গাড়ি সোনারগাঁও থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে অথবা হোটেল সোনারগাঁও থেকে সোজা এসে বাংলামোটরে বামে মোড় নিয়ে মগবাজার গিয়ে মৌচাক-মালিবাগ হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। মোহাম্মদপুর হতে যে সব রুটের বাস মতিঝিল হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শ্যামপুর যাবে সে সব রুটের গাড়ি মোহাম্মদপুর-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-বেবী আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার -চাঁনখারপুল দিয়ে গুলিস্তান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। টঙ্গী-এয়ারপোর্ট হতে যে সব রুটের বাস গুলিস্তান ও সায়েদাবাদ যাতায়াত করে সেগুলো টঙ্গী-বিমানবন্দর- প্রগতি সরণী হয়ে বামে মোড় নিয়ে বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিংয়ে বামে মোড় নিয়ে খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাবে এবং আসবে। ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী হতে যে সব রুটের বাস গুলিস্তান, ফুলবাড়ীয়া যাতায়াত করে সেগুলো মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সাইন্সল্যাব হয়ে সোজা পথে নিউমার্কেট-নীলক্ষেত ক্রসিংয়ে সোজা গিয়ে আজিমপুর বেবী আইসক্রীম মোড় থেকে সোজা গোরশাহ্ মাজারে বামে মোড় নিয়ে ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। অপরদিকে বাংলামোটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-রূপসী বাংলা ক্রসিং, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিক্যাল ক্রসিং-মত্স্য ভবন-কদমফুল ক্রসিং থেকে হাইকোর্ট ক্রসিং পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। একই অবস্থা থাকবে রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে চার্চ ক্রসিং-মত্স্য ভবন ক্রসিংয়েও। নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং, পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং, বকশীবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে এদিন।