তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা গত বৃহস্পতিবার রাতে সিলগালা করে দেয়ার পর অন্য ছাপাখানা থেকে পত্রিকাটি ছাপা হয়েছে। বড় মগবাজারের ৪২৩, এ্যালিফেন্ট রোডের আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে এই পত্রিকা ছাপানো হয়। গতকাল শুক্রবার প্রকাশিত পত্রিকাটির প্রিন্টার্স লাইনে বলা হয়েছে, অস্থায়ীভাবে প্রিন্টিং প্রেসেস এ্যান্ড পাবলিকেশন্স এ্যাক্ট ১৯৭৩-এর ১০ ধারায় এই পত্রিকা ছাপানো হয়েছে। আজও আমার দেশ প্রকাশিত হবে বলে পত্রিকার সংশ্লিষ্টরা জানান। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের বাণিজ্য বিভাগ সূত্রে জানা গেছে, দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনার ছাপাখানা পরিবর্তনের অনুমতি নিতে জেলা প্রশাসক কার্যালয়ে কোন আবেদন গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত জমা পড়েনি। তবে দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ জানান, প্রেসেস এ্যান্ড পাবলিকেশন্স এ্যাক্ট অনুযায়ী ছাপাখানা পরিবর্তনের ব্যাপারে আবেদনপত্র ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে। আবেদনপত্রটি জেলা প্রশাসকের কার্যালয় গ্রহণ করে স্বাক্ষর দিয়েছে। এ ক্ষেত্রে পত্রিকার ছাপাখানা পরিবর্তনের ব্যাপারে কোন জটিলতা নেই।
ঢাকা জেলা প্রশাসক ড. শেখ ইউসুফ হারুন বলেন, প্রেসেস এ্যান্ড পাবলিকেশন এ্যাক্ট অনুযায়ী একটি সংবাদপত্র কোন ডিক্লেয়ারেশন পেলে তার জন্য ছাপাখানারও ডিক্লেয়ারেশন দেয়া হয়। ঘোষিত ছাপাখানার বাইরে অন্য কোথাও পত্রিকা ছাপাতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। দৈনিক আমার দেশ অন্য ছাপাখানা থেকে ছাপার ব্যাপারে কোন অনুমতি নেয়নি। এ বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ৪৪৬/ডি প্লটে অবস্থিত আমার দেশ পত্রিকার ছাপাখানায় গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানের কারণ ব্যাখ্যা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ইত্তেফাককে বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে ৩টি মামলা দায়ের করা হয়েছে, ওই মামলার সার্চ ওয়ারেন্টে মামলার আলামত হিসাবে ওই ছাপাখানায় অভিযান চালানো হয়েছে। অভিযান চালিয়ে ছাপাখানা থেকে পুলিশ একটি কম্পিউটার ও গুরুত্বপূর্ণ কাগজ জব্দ করে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় পুলিশ ছাপাখানা সিলগালা করে দেয়। এ ঘটনার পর আমার দেশের ছাপাখানার ব্যবস্থাপক মহিউদ্দিন জিলানী বলেন, ‘আমাদের পক্ষে পত্রিকা ছাপা সম্ভব হচ্ছে না’। পরে গত বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে বড় মগবাজারে আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে দৈনিক আমার দেশ ছাপা হয়।
মাহমুদুর রহমানের সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ
সচেতন নাগরিক সমাজের উদ্যোগে গতকাল শুক্রবার রাজধানীর নূর হোসেন স্কয়ারের সামনে গ্রেফতার হওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের শাস্তির দাবিতে সমাবেশ ও আমার দেশ পত্রিকা অগ্নিসংযোগ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম।
জাবি শিক্ষকদের নিন্দা
জাবি সংবাদদাতা জানান, মাহমুদুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকগণ হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, সাবেক প্রো-ভিসি অধ্যাপক মো. এনামুল হক খান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক শামসুল আলম সেলিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শরিফ উদ্দীন প্রমুখ।
মাহমুদুর রহমানের গ্রেফতারে সারাদেশে বিক্ষোভ
সারাদেশে গতকাল দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাকের ব্যুরো অফিস ও সংবাদদাতাদের পাঠানো খবর।
চট্টগ্রাম অফিস জানায়, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার দ্রুত মুক্তির দাবিতে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় গতকাল সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
সিলেট অফিস জানায়, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি ও সিলেটের ১৮ দলীয় জোটের অন্যতম নেতা মকসুদ হোসেন, জেলা সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, মহানগর জাগপার আহবায়ক আব্দুল মোতাওয়াল্লী ফলিক গতকাল এক বিবৃতিতে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতার ও ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করায় গভীর উদ্বেগ-উত্কণ্ঠা ও তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে গতকাল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তার মুক্তির দাবিতে নগরীতে মিছিল করেছে।
যশোর অফিস জানায়, মাহমুদুর রহমানের মুক্তি ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনের যশোর শাখা সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে জুমার নামাজের পর দড়াটানায় এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বাদ জুমা হাটহাজারীতে হেফাজতে ইসলাম বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া নোমান ফয়েজীর নেতৃত্বে হেফাজতে ইসলামের এ মিছিল সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়ন, নেতা-কর্মীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও গ্রেফতারের প্রতিবাদে ছাতকে গতকাল হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গণেশপুর খেয়াঘাট থেকে মিছিল শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে তারা সমাবেশ করে। মাওলানা আব্দুল হান্নান সভায় সভাপতিত্ব করেন।
রামু (কক্সবাজার) সংবাদদাতা জানান, রামুতে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা-কর্মীসহ দেশব্যাপী বিরোধী দলের ওপর সরকারের নজিরবিহীন দমন-পীড়ন বন্ধের দাবিতে রামু উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উগ্যোগে গতকাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস সভায় সভাপতিত্ব করেন। এদিকে মাহমুদুর রহমানের গ্রেফতারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন রামু প্রেস ক্লাবের সদস্যরা।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, মত প্রকাশ নিয়ন্ত্রণ করতেই দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নামে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করে নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পাকুন্দিয়া উপজেলা মফস্বল সাংবাদিক সংগ্রাম পরিষদ।
