মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরও একটি জিডি

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২২:৪৫
কাবা শরীফের গিলাফ ও গ্র্যান্ড মুফতির ছবি ব্যবহার করে মিথ্যা খবর প্রকাশের অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরো একটি সাধারণ ডায়েরী (জিডি) হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি এই জিডি করেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ইত্তেফাককে বলেন, বিষয়টি তদন্তাধীন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা করা হবে। যদিও গতকাল সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেছিলেন এই ঘটনায় মামলা হয়েছে। জিডিতে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর দৈনিক আমার দেশে ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল-‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’। পত্রিকাটির অনলাইন সংস্করণেও দেখা যায় সংবাদটি। যদিও পরে ব্লগসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ওই প্রতিবেদনকে ‘মিথ্যা’ অভিহিত করে বলা হয়, কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবিকে ইমামদের ‘মানববন্ধন’ হিসাবে তুলে ধরেছে আমার দেশসহ কয়েকটি সংবাদপত্র। এরপর আমার দেশ অনলাইন সংস্করণ থেকে সংবাদটি সরিয়ে ফেলা হয়। জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামও সংবাদটি প্রকাশ করার পর প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ করে।