গতকাল শুক্রবার রাজশাহীতে কোনো জাতীয় পত্রিকা পাঠকের হাতে পৌঁছেনি। এজেন্ট ও হকারদের সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু থেকে গাজীপুর পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট থাকায় সকল জাতীয় পত্রিকা নির্ধারিত সময়ের ৬ থেকে ৮ ঘন্টা বিলম্বে রাজশাহীতে পৌঁছে। তাই এজেন্ট ও হকাররা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে গতকাল শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত কোনো জাতীয় পত্রিকা বিলি করেননি।
পুঠিয়ার পত্রিকা এজেন্ট কেএম রেজা জানান, গতকাল শুক্রবার দৈনিক ইত্তেফাকসহ অন্যান্য সকল জাতীয় পত্রিকা বিকাল ৪টার দিকে পৌঁছেছে। ফলে তার হকারদের পত্রিকা বিলি-বণ্টন করতেও বিলম্ব হয়েছে। রাজশাহীর সবচেয়ে বড় পত্রিকা এজেন্ট আলহাজ্ব হেকমত উল্লাহ জানান, গতকাল শুক্রবার দৈনিক ইত্তেফাক, যুগান্তর, কালেরকণ্ঠ, সমকাল ও জনকণ্ঠ পত্রিকা রাজশাহীতে পৌঁছে বিকাল ৩-২৫ মিনিটে। এর আগে দুপুর ১-২০ মিনিটে এসব পত্রিকা সিরাজগঞ্জে পৌঁঁছে। এছাড়া নয়াদিগন্ত ও অন্যান্য পত্রিকা রাজশাহীতে পৌঁছেছে বিকাল ৪-৪৫ মিনিটে (সিরাজগঞ্জে ২টা ২৫ মিনিট)। তবে প্রথম আলো পত্রিকা গতকাল শুক্রবার রাজশাহীতে পৌঁছেছে দুপুর ২টা ৫০ মিনিটে।
খোঁজ নিয়ে জানা যায়, নাটোর ও নওগাঁয় সকল জাতীয় পত্রিকা বিলি হয়েছে। চাঁপাইনবাগঞ্জে শুধুমাত্র প্রথম আলো এবং রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকা বিলি হয়েছে। অন্য কোনো জাতীয় পত্রিকা বিলি হয়নি। আর রাজশাহীতে কোনো জাতীয় পত্রিকা বিলিই হয়নি। এ নিয়ে পাঠকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
