গণজাগরণ মঞ্চে আজ বিকালে মহাসমাবেশ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২১:৩৯
আজ বিকাল ৪টায় শাহবাগের গণজাগরণ মঞ্চে মহাসমাবেশ আহবান করেছে সংগঠকরা। মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানান, চৈত্র সংক্রান্তি উপলক্ষে শনিবার বিকাল থেকে গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে সারা রাত চলার কথা। এছাড়া আজ সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৪টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলার মানুষ যখন জেগে উঠেছে, তখন কোনো স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশে টিকে থাকতে পারবে না। অপশক্তি দূর করতে মহাসমাবেশ সফল করার সকল উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে গণজাগরণ মঞ্চের সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি, জামায়াত-শিবির নিষিদ্ধসহ ৬ দফা দাবিসহ বর্ষবরণ উপলক্ষে পহেলা বৈশাখ সকাল থেকে বিকেল পর্যন্ত গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করবেন। বিকাল চারটায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনকারীরা।