জাতীয় শিক্ষানীতিসহ ১২ দফা বাস্তবায়নের দাবি প্রাথমিক শিক্ষক সমিতির

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২১:৪০
অবিলম্বে জাতীয় শিক্ষানীতিসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। শনিবার সমিতির কেন্দ্রীয় কমিটির সভা থেকে এ দাবি জানানো হয়। রাজধানীর সুরীটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নূরুজ্জামান আনসারী। সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা প্রদান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১২তম গ্রেডে উন্নীতকরণসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা কাজী আ. কা ফজলুল হক, আলহাজ্ব আ. অদুত, আনোয়ার হোসেন, মো. আব্দুল্লাহ সরকার, মো. শফিকুল হক, টিএম আলতাফ হোসেন প্রমুখ।