সোহরাওয়ার্দী হাসপাতালে শেকৃবি শিক্ষার্থীদের তাণ্ডব

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২১:৪১
শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শনিবার সকালে ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের লোকজন জানিয়েছেন, সকাল নয়টার দিকে তিন যুবক নিজেদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে হাসপাতালের ক্যান্টিনে প্রবেশ করেন। তিন যুবকের মধ্যে একজন খাবার সরবরাহের স্থানে গিয়ে খাবার খুঁজতে থাকেন। তাকে যথাস্থানে বসতে অনুরোধ করা হলে তিনি ক্যান্টিনের এক কর্মচারীকে মারধর শুরু করেন। একপর্যায়ে বাকি দু’জনও ঐ কর্মচারীকে মারধর করেন। ঘটনার ১০/১৫ মিনিট পর ২০/২৫ জন যুবক লাঠিসোটা নিয়ে ক্যান্টিনে এসে ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের ওপর হামলা চালান। এতে কয়েকজন কর্মচারী আহত হন। ওই যুবকরা হাসপাতালের নামাজের স্থান, অর্থোপেডিক ও ট্রমা সেন্টারের সেবিকাদের বসার কক্ষ, ক্যান্টিনে সিনিয়র চিকিত্সকদের বসার কক্ষ ভাঙচুর করেন। ঘটনার পর হাসপাতালের পরিচালক দপ্তরে জরুরি বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শেরেবাংলা নগর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক এ কে এম মুজিবুর রহমান জানান, ঘটনার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। শেরেবাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ভাঙচুরকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর হাসপাতালের সেবাদান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) এ কে এম মশিউর রহমান।