বাঘের চামড়াসহ দুইজন আটক

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২১:৪২
বাঘের চামড়া পাচারের অভিযোগে শনিবার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১ এর একটি দল তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুই জনকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। দণ্ডপ্রাপ্তরা হলেন- জনি মানকিন ও রিজার্চ মে। র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে দুই ব্যক্তি চিতা বাঘের চামড়া বিক্রি করার জন্য যমুনা ফিউচার পার্কের কাছে অপেক্ষা করছেন। সে অনুযায়ী র্যাব-১ এর একটি দল দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ৫ ফুট ২ ইঞ্চি লম্বা একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।