পাঁচদিনে ডায়রিয়া আক্রান্ত ছয় শতাধিক

ডায়রিয়ার স্যালাইন ও ওষুধ সংকটে কলাপাড়া হাসপাতাল

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:২১
কলাপাড়ায় ডায়রিয়া ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। গত পাঁচদিনে উপজেলায় ছয় শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে অর্ধশতাধিক। ওষুধ ও আইভি স্যালাইন সংকটের কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিত্সা করতে ডাক্তার ও নার্সরা হিমশিম খাচ্ছে। হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালের সর্বত্র ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিত্সা চলছে। শনিবার সকাল ১০টা পর্যন্ত খাদিজা (৮), শৈলেন (২৫), কাওসার (১৬), সবিতা (৩২), কাজল (৩২) হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলার বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রেও শতশত ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বলে জানা যায়। এছাড়া হাসপাতালের আউটডোরে হাজার হাজার ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিত্সা নিচ্ছেন বলে ডাক্তাররা জানান। নীলগঞ্জ ইউনিয়নের সুলিমপুর গ্রামের ডায়রিয়ায় আক্রান্ত শিশু খাদিজার পিতা শহীদ গাজী জানান, হাসপাতাল থেকে শুধু এক ব্যাগ আইভি স্যালাইন দেয়া হয়েছে। বাহির থেকে তিনি ৫২৫ টাকার ওষুধ কিনেছেন। রেনু বেগমের স্বামী রুহুল আমিন জানান, তিনি চারশ টাকার ওষুধ হাসপাতালের বাইরে থেকে কিনেছেন। কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঃ রহিম জানান, বর্তমানে হাসপাতালে ওষুধ সংকট থাকায় ডায়রিয়ার রোগীদের ওষুধ সরবরাহ করতে পারছেন না।