খুলনায় জামায়াতের অর্ধদিবস হরতালে ১৩ গাড়ি ভাঙচুর

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:৪২
খুলনায় জামায়াত কর্মী মনসুর আলী গাজী হত্যার প্রতিবাদে জেলা ও মহানগরীতে দলটির ডাকা শনিবারের অর্ধদিবস হরতাল বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে হরতালের শুরুতেই ফুলতলা উপজেলা সদরের কয়েকটি স্থানে ১৩টি গাড়ি ভাংচুর ও ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জামায়াত-শিবির কর্মীরা ফুলতলায় মিছিল সহকারে খুলনা-ঢাকা সড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে। এ সময় তারা নতুন হাট, যুগনিপাশা, বুড়িয়াডাঙ্গা ও এমএম কলেজসহ বিভিন্ন স্থানে ৭টি বাস, ৪টি ট্রাক ও ২টি মাইক্রোবাস ভাংচুর করে। পরে তারা ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ উপস্থিত হলে তারা পালিয়ে যায়। জামায়াতের এ হরতালে এইচএসসি ও সমমানের পরীক্ষা আওতামুক্ত ছিল। এছাড়া জেলার ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলা সদরে সকালে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে হরতালকারীরা। সকাল সাড়ে ৮টার দিকে নগরীর টুটপাড়া এলাকায় শিবিরের ঝটিকা মিছিল বের হয়। বেলা সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি বিক্ষোভ মিছিল করে শিবির। ১২টার দিকে নগরীর দৌলতপুর মহসিন মোড়ে তারা একটি ট্রাক ভাংচুর করে। উল্লেখ্য, বৃহস্পতিবার শিবিরের হরতাল চলাকালে ডুমুরিয়া উপজেলার চেচুরিয়ায় পিকেটিংকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে মনসুর আলী নামে এক জামায়াত কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় খুলনা জেলা ও মহানগর জামায়াত।