সেই পা কাটা তরুণীর লাশের পরিচয় মেলেনি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:৪৬
রাজধানীর উত্তরায় ব্যাগের মধ্যে পাওয়া সেই পা কাটা তরুণীর লাশের পরিচয় গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয়ে লাশটি পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে। কেউ খোঁজ নিতেও আসেনি। লাশটিতে পচন ধরেছে। তারপরও বোঝা যায় হত্যার আগে চরম নির্যাতন চলেছে ওই তরুণীর উপর। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার দুই পা কাটা হয়েছে । শুক্রবার রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে (আব্দুল্লাহপুর এলাকায়) একটি বাস কাউন্টারের পাশে পড়ে থাকা ব্যাগের ভেতর এই তরুণীর দুই পা কাটা লাশ পুলিশ উদ্ধার করে। ব্যাগটি সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ে ছিল। কেউ ব্যাগটি না নেয়ায় কাউন্টারের লোকজন পুলিশকে খবর দিয়েছিল। এর চারদিন আগে আশুলিয়া এলাকা থেকে দুইটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছিল। পুলিশ ধারণা করছে, পা দুইটি এ তরুণীর হবে। তরুণীর বয়স ২০ থেকে ২৫ বছর হবে। তার পরনে ছিল গোলাপি রঙের কামিজ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর হারুন-উর-রশিদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম জানান, গত চারদিন আগে পুরাতন ইপিজেড এলাকার একটি স্কুলের পাশ থেকে দুইটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছিল। উত্তরায় তরুণীর লাশ উদ্ধার হওয়ার খবর পাওয়ার পর তিনি থানার একজন সাব-ইন্সপেক্টরকে খণ্ডিত পায়ের ছবি নিয়ে যোগাযোগ করতে বলেছেন। তিনিও ধারণা করছেন উদ্ধার হওয়া পা দুইটি ঐ তরুণীর। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, তরুণীর পরিচয় জানার জন্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে। বৃহস্পতিবার রাতের কোন এক সময় লাগেজটি বাসস্ট্যান্ডে ফেলে রাখে দৃর্বৃত্তরা। তিনি ধারণা করছেন, ঐ তরুণী আশুলিয়া এলাকার কোন গার্মেন্টস কর্মী হতে পারেন। এ কারণে বিভিন্ন গার্মেন্টসেও যোগাযোগ করা হচ্ছে।