পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে আজ রবিবার রাজধানীতে শোভাযাত্রা বের করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। শোভাযাত্রাটি ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ ীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। গতকাল শনিবার সকালে দলের কেন্দ ীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে টিআইবি গত শুক্রবার যে রুপরেখা দিয়েছে তা নিয়ে সংসদে আলোচনা হতে পারে। বিএনপি সংসদে এসে এর পক্ষে বা বিপক্ষে তাদের মতামতও জানাতে পারে। তবে এর জন্য বিরোধী দলকে আগে সংঘাতের পথ পরিহার করতে হবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এবারের নববর্ষ একটু ভিন্ন আঙ্গিকে পালন করা হবে। কারণ যুদ্ধাপরাধীদের বিচারের রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এবারের নববর্ষে শপথ নেয়া হবে অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার। তিনি দলের নেতাকর্মীদের যথাসময়ে শোভাযাত্রায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
আইন প্রতিমন্ত্রী আগামী জাতীয় সংসদ অধিবেশনে বিএনপিকে যোগ দেবার আহবান জানিয়ে বলেন, জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করে সংসদে আসুন। সন্ত্রাসের পথ পরিহার করুন। আলোচনার মাধ্যমে সবাই মিলে দেশটাকে উগ্র-সামপ্রদায়িকতা মুক্ত দেশ হিসাবে গড়ে তুলি। তিনি বলেন, যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবিরকে ত্যাগ না করলে কোন অবস্থায়ই আলোচনা সম্ভব নয়। হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী দলগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ধর্মীয় উন্মাদনাকারীদের ছাড় দেয়া হবে না। ধর্মের নামে কেউ আইন ভঙ্গ করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ। সভার শুরুতে কেক কেটে নতুন বছরকে বরণ করে নেন নেতৃবৃন্দ।
