কাল বিএফইউজের একাংশ গণঅনশন পালন করবে

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:৪৭
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅনশন কর্মসূচি পালনের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ। গতকাল শনিবার মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ‘আমার দেশ ইউনিট’ আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী এ ঘোষণা দেন। তিনি বলেন, মাহমুদুর রহমানের মুক্তি, সাগর-রুনির খুনিদের গ্রেফতার এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির দাবিতে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালন করা হবে। এই সংগঠনের মহাসচিব শওকত মাহমুদ বলেন, মাহমুদুর রহমানকে গ্রেফতার করে সরকার আগুনে হাত দিয়েছে। তিনি বলেন, আজ মাহমুদুর রহমানের গ্রেফতারে যারা খুশি হয়েছে তাদের এ খুশি বেশি দিন টিকবে না। সমাবেশে আরো বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।