বার্ড ফ্লু সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি বা শুনেছি। কিন্তু এবার যে ধরনের বার্ড ফ্লু পাওয়া যাচ্ছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কারণ এতদিন ধারণা করা হতো, বার্ড ফ্লু শুধু পশু-পাখিদের হয়। এবার চীনে যে বার্ড ফ্লু দেখা দিয়েছে তাতে অন্তত ৪৪ জন মানুষ আক্রান্ত হয়েছে এবং সর্বশেষ খবর অনুযায়ী মারা গেছে ১৩ জন। কিন্তু এবার এইচ৭এন৯ নামের যে বার্ড ফ্লুর জীবাণু শনাক্ত হয়েছে তা মানুষের শ্বাসতন্ত্রেও সংক্রমিত হতে পারে। আক্রান্ত করতে পারে মানব শরীরকে। এ কারণে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক বিভিন্ন স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান। এ ব্যাপারে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) ইনফ্লুয়েঞ্জা ডিভিশনের ডাইরেক্টর ন্যান্সী কক্স উল্লেখ করেছেন ভাইরাসটি দ্রুত মানুষের মধ্যে বিস্তার ঘটতে পারে এবং এ কারণে আমরা উদ্বিগ্ন। তবে আশার কথা, এই বিপজ্জনক এইচ৭এন৯ ভাইরাসটি বাংলাদেশে পাওয়া যায়নি। এ ব্যাপারে মহাখালীস্থ রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো: মুশতাক হোসেন বলেন, বাংলাদেশে এ পর্যন্ত মাত্র একজন বার্ড ফ্লুতে মারা গেছে। তবে চীনে যে প্রজাতির ভাইরাস শনাক্ত হয়েছে তা বাংলাদেশে পাওয়া যায়নি। তিনি বলেন, চীনে পাওয়া বার্ড ফ্লুর ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এবং এই ভাইরাসটির চরিত্র ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মত। তাই কেউ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন সন্দেহ হলে অবশ্যই নিকটস্থ চিকিত্সা কেন্দ্রে নিতে হবে।
