অসুস্থ আমানের অবস্থার উন্নতি হয়নি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৩৯
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিসিইউতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানাগেছে, গত তিন দিনেও তার শারিরীক অবস্থার তেমন উন্নতি হয়নি। গত শনিবার দুপুরে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কারা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ঘটনার দিন দুপুর ১২টায় আমান উল্লাহ আমানের বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। ব্যথায় কাতর হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিত্সকরা শারিরীক অবস্থা পরীক্ষা করে তাকে তাত্ক্ষণিকভাবে কার্ডিয়াক বিভাগের সিসিইউতে ভর্তি করেন। এ ব্যাপারে কার্ডিয়াক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিউদ্দিন ইত্তেফাককে বলেন, আমানের চিকিত্সা চলছে। তার শারিরীক অবস্থার তেমন উন্নতি হয়নি। যেহেতু হার্টের সমস্যা সেজন্য বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।