বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটি

তিন বছরে অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিত্সা সেবা বেড়েছে তিনগুণ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৪০
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর অর্থোপেডিক সার্জারি বিভাগের জরুরি (বিভাগের) চিকিত্সাসেবাসহ সমগ্র বিভাগের চিকিত্সাসেবা কার্যক্রম গত তিন বছরে তিন গুণ বেড়েছে। বর্তমানে গড়ে দৈনিক প্রায় ৩০ জন রোগী শুধুমাত্র জরুরি বিভাগে (শুধুমাত্র অর্থোপেডিক সার্জারি বিভাগে) চিকিত্সাসেবা নিচ্ছে এবং তাদের মধ্য থেকে গড়ে ৭ জন রোগী ভর্তি হচ্ছেন। অর্থোপেডিক সার্জারি বহির্বিভাগে বর্তমানে দৈনিক ২৫০ জন রোগী চিকিত্সাসেবা নিচ্ছেন এবং মাসে প্রায় ১৫০ জন রোগী ভর্তি হচ্ছেন। সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিত্সা কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা একথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথি ছিলেন বেসিক সায়েন্স অনুষদের ডিন ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত। -প্রেস বিজ্ঞপ্তি