যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত সৃষ্টি এবং দেশজুড়ে বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, হেফাজতে ইসলামের কোনো অন্যায় দাবির কাছে শেখ হাসিনা মাথানত করবেন না।
ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান খান, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের ঢাকা মহানগর সমন্বয়ক মীর আক্তার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহকারে ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন।
