কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারীর ১০ নং এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ১৩টি বোমা মেশিন ভস্মীভূত করেছে। গত শনিবার সিলেট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ের ট্রেসেল ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য পরিবেশ অধিদফতরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় র্যাব-৯-এর সহকারী পরিচালক রাজিব আহমদ, পরিবেশ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মুজাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সরকার, কালাসাধক বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল মতিন, কালাইরাগ ক্যাম্পের কমান্ডার আব্দুল হকসহ কোম্পানীগঞ্জ থানা পুলিশ, র্যাব, বিজিবি ও পরিবেশ অধিদফতরের লোকজন উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ কোয়ারী এলাকায় রেলওয়ের ভূমি থেকে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এখান থেকে তারা প্রতিদিন লাখ লাখ টাকা মূল্যের পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে । উপজেলা প্রশাসন, র্যাব, পুলিশ, রেল এবং আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অব্যাহত চেষ্টার ফলেও এখানকার পাথর লুটপাট বন্ধ করা যাচ্ছে না। এতে ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ের ট্রেসেলগুলো হুমকির মুখে পড়েছে।
