সরকার বুঝতে পারছে না পরিণতি কি ভয়াবহ হবে :খালেদা জিয়া

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২২:১৪
দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পরিবারকে হয়রানি না করার জন্য সরকারকে সতর্ক করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, এই সরকার পাগল হয়ে গেছে। তারা বুঝতে পারছে না এর পরিণতি কি ভয়াবহ হবে। গত রবিবার রাতে গুলশানে মাহমুদুর রহমানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়া কথা বলেন। রাত ৮টা থেকে প্রায় এক ঘণ্টা ওই বাসায় অবস্থান করেন তিনি। মাহমুদুর রহমানের গ্রেফতার পরবর্তী সময়ে আমার দেশ পত্রিকা কিভাবে চলছে, নতুন করে তার বৃদ্ধা মা মাহমুদা বেগমের বিরুদ্ধে কি ধরনের সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে এসব জানতে চান খালেদা জিয়া। এ সময় মাহমুদুর রহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাহমুদুর রহমানের মায়ের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে প্রেস এন্ড পাবলিকেশন্স অ্যাক্টে এ ধরনের মামলা হতে পারে না। কারণ পত্রিকার ডিক্লারেশন দেয়ার সময় প্রেস এন্ড পাবলিকেশন্স অ্যাক্ট অনুযায়ী পত্রিকা কোথায় ছাপানো হবে তার অনুমতি দেয়া হয়; কিন্তু ওই প্রেসে কোনো সমস্যা হলে চলমান পত্রিকা প্রকাশের ক্ষেত্রে অন্য ছাপাখানায় ছাপানোর বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করতে হয়। আমার দেশ পত্রিকার পক্ষ থেকেও জেলা প্রশাসককে সময় মতো অবহিত করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় তাদের আবেদন গ্রহণ করেছে। সব কিছু শুনে খালেদা জিয়া বলেন, এ ক্ষেত্রে মাহমুদুর রহমানের মায়ের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা হতে পারে না। এ ধরনের মামলা জাতির জন্য কলঙ্কজনক। এসময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম, স্ত্রী ফিরোজা মাহমুদ, বড় বোন আফরোজা খান রিতা প্রমুখ। উল্লেখ্য, গত ১১ এপ্রিল আমার দেশ কার্যালয় থেকে পুলিশ মাহমুদুর রহমানকে গ্রেফতার করে। ওই দিনই আদালতে হাজির করে তাকে তিনটি মামলায় ১৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রিমান্ডে রয়েছেন। নেতাকর্মীদের সঙ্গে নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ সারাদিন পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাটিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। তার দিনের প্রথম প্রহর কাটে পরিবারের সদস্যদের সঙ্গে। সকালে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে আসেন তার ভাই, ভাইয়ের স্ত্রী এবং অন্যান্য আত্মীয়-স্বজন। তাদের সঙ্গে বৈশাখ উদযাপন করেন তিনি। সন্ধ্যায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও মহিলা দল কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। সংগীত শিল্পী বেবি নাজনীন সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘মা’ বলে সম্বোধন করেন খালেদা জিয়াকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা। এছাড়া লাঠিখেলার মতো কিছু লোকজ অনুষ্ঠানও উপভোগ করেন খালেদা জিয়া।