পরীক্ষাগারে প্রথম সফল কৃত্রিম কিডনি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২২:১৬
পূর্ণ কর্মক্ষম কৃত্রিম কিডনি এই প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করতে সক্ষম হয়েছেন একদল গবেষক। এই উদ্ভাবন সারা বিশ্বের লাখ লাখ ডায়ালিসিস রোগীর মনে নতুন আশার সঞ্চার করেছে এবং একই সঙ্গে কৃত্রিম লিভার, ফুসফুস ও হূদযন্ত্র তৈরির সম্ভাবনা সৃষ্টি করেছে। কৃত্রিম এই কিডনি একটি ইঁদুরের দেহে সফল প্রতিস্থাপন করা হয়েছে। লন্ডন টাইমসের এক খবরে বলা হয়, এক দল মার্কিন বিজ্ঞানী দাতা ইঁদুরের দেহ থেকে কিডনির এবং রক্তনালীর কোষ থেকে বিশেষ পদ্ধতিতে এই কৃত্রিম কিডনি প্রস্তুত করেছেন। জৈবপ্রযুক্তির সাহায্যে তারা এমন এক কৃত্রিম কিডনি প্রস্তুত করেছেন যা মাত্র দুই সপ্তাহের মধ্যেই পরিপূর্ণভাবে রক্ত পরিশ্রুত করতে এবং মূত্র উত্পন্ন করতে সমর্থ হয়। বিজ্ঞানীরা একটি ইঁদুরের দেহে এই কৃত্রিম কিডনি প্রতিস্থাপনের পর লক্ষ্য করেছেন, তা চমত্কার কাজ করছে। কৃত্রিম এই কিডনি একেবারে স্বাভাবিক কিডনির মত কাজ না করলেও তা যথেষ্ট কার্যকর। গবেষক দলের প্রধান ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের শৈল্য চিকিত্সক হেরাল্ড অট জার্নাল নেচার মেডিসিনে বলেন, যেসব রোগীর রেনাল ফেইলিওর (কিডনির মূত্র উত্পাদন ক্ষমতা নষ্ট বা হ্রাস) হয়েছে, যাদের কিডনি প্রতিস্থাপন প্রয়োজন কিন্তু উপযুক্ত দাতা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এই প্রযুক্তি সুফল বয়ে আনবে। এমন সব রোগীর নিজেদের দেহ থেকে প্রয়োজনীয় কোষ নিয়ে কিছু দিনের মধ্যেই এ ধরনের কৃত্রিম কিডনি তৈরি করা সম্ভব হবে। এই কিডনি পুরোপুরি স্বাভাবিক কিডনির মত না হওয়ায় প্রতিস্থাপনের পর রোগীদের বাকি জীবন কিছু ওষুধ নিতে হবে।