নিকলীতে বাউল গানের আসরে হামলা আহত ২০

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২২:১৮
নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার সংলগ্ন একটি পতিত জমিতে নববর্ষ পালন উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) রাতে বাউল গানের আসরে হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ৯জন। গুলিবিদ্ধ ৬ জনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন - নূরু (২৫), দীন ইসলাম (২৪), মফিজ আলী (৬০), আকরাম হোসেন (৩৫), আলতু (৩২) ও রিয়াজুল ইসলাম (১৮)। বাকীদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। অভিযোগে পাওয়া গেছে, সিংপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিম ও একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মৃধার মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। ঘটনার রাতে বাউল গান চলাকালে হারুন মৃধার চাচাত ভাই সারোয়ার মঞ্চে উঠে পড়লে আবুল হাশিমের পক্ষের ও আয়োজক কমিটির লোকজন তাকে জোর পূর্বক মঞ্চ থেকে নামিয়ে দেয়। এ সময় সারোয়ারের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। রাত সাড়ে দশটার দিকে হারুন মৃধার পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ মঞ্চ ঘেরাও করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। এসময় গুলিতে ও হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হয়। মেলার কয়েকটি দোকানে লুটপাট ও ভাংচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশদল নিয়ে নিকলী থানার ওসি এ . কে. এম মাহবুবুল আলম ঘটনাস্থলে ছুটে যান। গতকাল সোমবার বিকাল ৬ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে থানা সূত্রে জানা যায়।