পংকজ শরণের গাড়িতে হামলা

জড়িত সন্দেহে জামায়াত শিবিরের ২ জন আটক

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২২:৩৩
ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের গাড়ির অদূরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত রবিবার রাতে দুইজনকে আটক করা হয়েছে। গত রবিবার রাতে এদের একজনকে র্যাব সদস্যরা নগরীর দৌলতপুরের দেয়ানা এলাকা থেকে ও অপরজনকে পুলিশ নগরীর বাইতিপাড়া এলাকা থেকে আটক করে। আটককৃতরা হচ্ছে মোল্লা আশরাফুজ্জামান বাবুল (৩৬) ও রফিকুল ইসলাম (২২)। আটক দুইজনই জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। আটককৃত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনার মহানগর হাকিম শেখ আব্দুল আহাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাবুদ্দিন আজাদ জানান, ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের গাড়ির অদূরে হাত বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত রবিবার গভীর রাতে র্যাব সদস্যরা নগরীর দেয়ানা থেকে মোল্লা আশরাফুজ্জামান বাবুলকে গ্রেফতার করে। বাবুল জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত। এর আগে বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। অপরদিকে বাইতিপাড়া এলাকা থেকে পুলিশ নগরীর ২৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শামসুদ্দোহার ছেলে শিবির কর্মী রফিকুল ইসলামকে গ্রেফতার করে।