বাস ও মাহেন্দ্র শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের জের ধরে গোপাল-গঞ্জের দু’টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার সন্ধ্যা থেকে গোপালগঞ্জ-কোটালীপাড়া ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আহত বাস শ্রমিক সাঈদ ও লেবুকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে থ্রি-হুইলার, নছিমন, করিমন, আগলামন ও আলমসাধুসহ সকল প্রকারের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে আজ ১৬ এপ্রিল মঙ্গলবার থেকে চুয়াডাঙ্গা জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে।
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাঈদুর রহমান বাসু জানান, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নতুন বাজার এলাকায় বাস ও মাহেন্দ্রতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে মাহেন্দ্র গাড়ির শ্রমিকরা ৪টি লোকাল বাসে হামলা চালিয়ে ভাংচুর ও ৪ ড্রাইভারকে পেটায়। এ ঘটনার জের ধরে বাস শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওই সড়কের ঘোনাপাড়া মোড়ে মাহেন্দ্র গাড়ি ভাংচুর করে। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় বাস মালিক ও শ্রমিকরা ওই দুই রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এদিকে চুয়াডাঙ্গা জেলার সকল সড়কে থ্রি-হুইলার ও দেশিয় নছিমন, করিমন, আগলামন ও আলমসাধুসহ এই সকল অবৈধ যানবাহনের অবাধ চলাচল বন্ধের জন্য বাস, মিনিবাস-ট্রাক মালিক ও শ্রমিক সমিতির পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসনের নিকট প্রতিকার দাবি করেও কোন সুফল পাননি বলে অভিযোগ রয়েছে। ফলে চুয়াডাঙ্গা জেলার বাস, ট্রাক ও মিনিবাস মালিক ও পরিবহন শ্রমিক সমিতির যৌথ সিদ্ধান্তে ধর্মঘটের ডাক দেয়।
