মুক্তিযোদ্ধাদের কটূক্তি করায় ৫ কোটি টাকার মানহানির মামলা

আপডেট : ০৭ মে ২০১৯, ২০:৪৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সমাবেশে মুক্তিযোদ্ধাদের কটূক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগে উঠেছ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারফ সাকুর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা তার বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। 

মঙ্গলবার মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল বাদী হয়ে এ মানহানি মামলাটি দায়ের করেন। 

আদালতে বিচারক মামলাটি আমলে নিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবর রহমান মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত ১ মে স্থানীয় ইমারাত শ্রমিক ইউনিয়ন মহান মে দিবসে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে একটি শ্রমিক সমাবেশের আয়োজন করে। এতে স্থানীয় অনেক মুক্তিযোদ্ধরা অংশগ্রহণ করেন। এর একদিন পর ২ মে একই স্থানে অন্য আরেকটি শ্রমিক সংগঠনের ব্যানারে পৃথক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ওই সমাবেশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোসেন মোশারফ সাকু বক্তব্য দেন। এ সময় তিনি ১ মে ইমারাত শ্রমিক ইউনিয়নের সমাবেশে যোগদানকারী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তি করেন। তিনি মুক্তিযোদ্ধাদের ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে বলেন, সুযোগ পেলে ওইসব অ-মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাছাই করে তাদের বহিষ্কার করবেন। 

এমন বক্তব্যে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা তার বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

এ বিষয় হোসেন মোশরফ সাকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, মামলায় যে অভিযোগ আনা হয়েছে সে রকমভাবে আমি বক্তব্য দেইনি। আমি বলেছি, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে অ-মুক্তিযোদ্ধার তালিকা করে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর পাঠাবো। 

আরও পড়ুন: হত্যা মামলার আসামির দুই পা কেটে বিচ্ছিন্ন

প্রসঙ্গত, গত ৩১ মার্চ চতুর্থ ধাপে মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। তার আগে এক যুবলীগ নেতা খুন ও নৌকার প্রার্থীর ওপর হামলার ঘটনায় নির্বাচনী সহিংসতা এড়াতে নির্বাচন কমিশন নির্বাচন সাময়িক স্থগিত করে। 

ইত্তেফাক/অনি