লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার শিক্ষাগ্রাম এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সোমবার মো. জিলন (১৮) নামের এক ছাত্রকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জিলন আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ স ম হাসান আল আমিনের ভ্রাম্যমাণ আদালত ওই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ছাত্রকে মঙ্গলবার রামগতি থানা-পুলিশের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, শিক্ষাগ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. জিলন দীর্ঘদিন ধরে আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। সোমবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে জিলন ছাত্রীকে একইভাবে উত্ত্যক্ত করে। এসময় ছাত্রী প্রতিবাদ করলে তাকে মারধর করার চেষ্টা করে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, ছাত্রীর অভিভাবক এবং এলাকাবাসীর অভিযোগ পেয়ে সোমবার সন্ধ্যায় অভিযুক্ত জিলনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
