রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশন এলাকায় মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় তিন পুুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এসআই মোহাম্মদ রাসেল, কনস্টেবল লাল মিয়া ও সঞ্জয়। এদের মধ্যে এসআই রাসেলের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫ টার দিকে মিরপুর ১১ বাসস্ট্যান্ডে ওয়ালটন শোরুমের সামনে পুলিশ সদস্যরা একটি মাইক্রোবাসে করে ডিউটি করছিলেন। এসময় একটি কাভার্ড ভ্যান তাদের গাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে পল্লবী থানার ডিউটি অফিসার এসআই আতাউর রহমান জানান, ডিউটি চলাকালে পুলিশের একটি গাড়িতে অপর একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িতে থাকা ৩ জনই আহত হন। খবর পেয়ে তাত্ক্ষণিক ভাবে এএসআই ইব্রাহীম তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে কনস্টেবল দু’জন শঙ্কামুক্ত হলেও এসআই রাসেলের অবস্থা গুরুতর।
