আওয়ামী লীগের কয়েক শীর্ষ নেতা তত্ত্বাবধায়ক চান :এমকে আনোয়ার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২১:২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছেন। টিআইবি ও মানবাধিকার কমিশন বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হতে পারে না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেআইনিভাবে আমার দেশ বন্ধের বিরুদ্ধে ও মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। তিনি উল্লেখ করেন, সত্য লিখনীর কারণে মাহমুদুর রহমানকে সরকার গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন করছে। মামলায় জড়ানো হয়েছে তার বৃদ্ধা মাকে। এই রকম জুলুমের প্রতিদান খুব শিঘ্রই পাবে এরা। গণহত্যা ও ফ্যাসিবাদ কায়েম করায় জনতার আদালতে তাদের বিচার হবে। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা প্রমুখ।