রাজধানীর কদমতলীতে শরীফ হোসেন অর্ণব (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে মদিনাবাগের একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। অর্ণবের লাশ উদ্ধারের পর তার বাবা কবির হোসেন মামলা করেছেন। এ মামলায় পুলিশ অর্ণবের বন্ধু রবিকে গ্রেফতার করেছে। অর্ণব রায়েরবাগ প্রাইড স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
কদমতলী থানার ওসি মোঃ মাজহার হোসেন জানান, রবিবার ভোরে থানার পাশে মদিনাবাগে নির্মাণাধীন একটি ভবন থেকে অর্ণবের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
নিহত অর্ণবের ফুফা জাহাঙ্গীর বলেন, অর্ণবের পরিবারের সঙ্গে রবির পরিবারের দীর্ঘ দিনের শত্রুতা ছিল। এর জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে রড দিয়ে পিটিয়ে অর্ণবকে হত্যা করে লাশ নির্মাণাধীন ভবনে ফেলে রাখে। অর্ণবদের বাড়ি কুমিল্লার হোমনা থানায়।
