বাণিজ্যিক ব্যাংকের ১১টি শাখার মাধ্যমে ধাতব মুদ্রা সরবরাহের সিদ্ধান্ত

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২১:২৭
সারাদেশে সকল বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা (কয়েন) সরবরাহ করার পাশাপাশি এবার ঢাকা শহরে জনসাধারণের দৈনন্দিন লেনদেনের সুবিধার্থে আরো ১১টি বাণিজ্যিক ব্যাংক শাখার মাধ্যমে ধাতব মুদ্রা (কয়েন) সরবরাহ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি ঢাকা শহরের সোনালী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব শাখা ও বঙ্গবন্ধু এভিনিউ শাখা, অগ্রণী ব্যাংকের রমনা শাখা ও এলিফ্যান্ট রোড শাখা, জনতা ব্যাংকের নিউ মার্কেট শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি মার্কেট শাখা, ডাচ-বাংলা ব্যাংকের গুলশান শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ শাখা এবং ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখার মাধ্যমে ঢাকা শহরের জনসাধারণের জন্য ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।