মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী পাঠানো ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:১৪

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান পাঠানোর যুক্তরাষ্ট্রের ঘোষণাকে তেহরানের প্রতি ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ একটি বার্তা হিসেবে মনে করছে ইরানের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি-নির্ধারণী পরিষদ। ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা মঙ্গলবার এ কথা বলেছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন রবিবার বলেন, ইরানকে ‘সতর্ক করতে’ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বোমারু বিমান পাঠাবে। বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুসারে, এ কথার প্রতিক্রিয়ায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র কেভান খোশরাভি বলেন, ‘বোল্টনের বিবৃতি মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্য পুড়তে পুড়তে নিভে যাওয়া ঘটনার একটি ঘোলাটে ব্যবহার।’ তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধজাহাজটি বেশ কয়েক সপ্তাহ আগেই ভূ-মধ্য সাগরে পৌঁছেছে।

গত বছর ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর থেকে আন্তর্জাতিক মহলে ইরানকে একঘরে করে রাখতে নানা পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর চাপ এক ধাপ বাড়ানোর অংশ হিসেবে সম্প্রতি দেশটির ‘এলিট বাহিনী’ রেভল্যুশনারি গার্ডকে (আইআরজিসি) বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।