নওগাঁ-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রয়াত সাংসদ, বর্ষীয়ান রাজনীতিবিদ মোঃ আব্দুল জলিলের স্ত্রী অথবা কন্যাকে দলীয় মনোনয়ন দেয়ার আবেদন জানাবে নওগাঁ জেলা আওয়ামী লীগ। উপ-নির্বাচন নিয়ে নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাবনা বিষয়ক এক সভায় সোমবার এ রকমই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত কয়েকজন আওয়ামী লীগ নেতা দাবি করেছেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বি। সভায় নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, সংরক্ষিত আসনের সাংসদ শাহীন মনোয়ারা হক, আওয়ামী লীগ নেতা ছামসুল আলম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সম জাভেদ জাহাঙ্গীর সোহেলসহ কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল জলিলের স্ত্রী অথবা কন্যার জন্য দলীয় মনোনয়ন চেয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পার্লামেন্টারি বোর্ডে আবেদন জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট ফজলে রাব্বি বেঠকের সত্যতা স্বীকার করেন।
