বাস-টেম্পো সংঘর্ষে ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষকসহ নিহত ৫

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:১৯
ঝিনাইদহের কালীগঞ্জে বাস-মহেন্দ্র অটো টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল শিক্ষিকাসহ ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস আকতার (৩২), রামনগর প্রাইমারি স্কুলের শিক্ষিকা ফিরোজা বেগম (৩৪), ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের স্ত্রী সুফিয়া বেগম (৬০), কালীগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হেকমত আলির ছেলে হাসান আলি (৩৫) ও টেম্পো চালক পরমানন্দপুর গ্রামের হাতেম আলির ছেলে নেকবর হোসেন (৩০)। আহতদের কালীগঞ্জ হাসপাতাল ও যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, যশোর থেকে ঝিনাইদহমুখী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে ঝিনাইদহ থেকে কালীগঞ্জগামী মহেন্দ্র অটো টেম্পোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। হতাহতরা সকলেই টেম্পোর যাত্রী। ঘটনাস্থলেই দুইজন ও পরে হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা যান। টেম্পোটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশের খাদে নেমে যায়। তবে বাসের কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার ব্রিগেড ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবাদুর রহমান ঘটস্থল পরিদর্শন করেছেন। কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন আমাদের কালীগঞ্জ সংবাদদাতাকে জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। সিরাজগঞ্জে নিহত ১ আহত ১০ আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সিরাজগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হোড়গাতি নামক স্থানে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।