মাগুরায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:২২
জেলার শ্রীপুর উপজেলার বাগবাড়িয়া ও চরজোকা গ্রামে গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উভয় গ্রুপের লোকজন প্রতিপক্ষের ২০টি বাড়ি ও দুটি দোকানঘর ভাংচুর-লুটপাট করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে। পুলিশ ও গ্রামবাসী জানান, বাগবাড়িয়া ও চরজোকা গ্রামের আওয়ামী লীগ সমর্থক বাহারুল ইসলাম ও মসিয়ার রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গতকাল মসিয়ার গ্রুপের সমর্থক মাহিমের ছেলে মারুফত বাহারুল গ্রুপের সমর্থক আব্দুল লতিফ মোল্লাকে তার বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। একই সঙ্গে বাহারুল গ্রুপের সমর্থকদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের শত শত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। পরে মাগুরা থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।