সদর উপজেলার মার্মা গ্রামের দেওয়ান পাড়ায় হয়রানির উদ্দেশ্যে তহিদুল ইসলাম দুলু নামের এক ব্যক্তিকে ধরতে গিয়ে গ্রামবাসীর হাতে ৬ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ৯ পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।গত সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবসহ ৯ পুলিশ সদস্য গ্রামের দুলুর বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। এসময় বাড়ির ভেতর থেকে দুলু পরিচয় জানতে চাইলে পরিচয় না দিয়ে তারা গালিগালাজ করে। একপর্যায়ে পুলিশ সদস্যরা প্রাচীর টপকে বাড়ির মধ্যে ঢুকে দরজা ভাংচুর করে।
এসময় পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে বলে গ্রামবাসী জানায়। ঘটনার সময় দুলুর চিত্কার শুনে প্রতিবেশীরা এসে পুলিশ সদস্যদের আটক করে রাখে। গত মঙ্গলবার সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থলে এসে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে আটক পুলিশ সদস্যদের ছেড়ে দেয় গ্রামবাসী।
গ্রামবাসীর অভিযোগ, দুলু নিরীহ প্রকৃতির হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে পুলিশ মাদকের মিথ্যা অভিযোগ এনে ঘুষ নেয়ার উদ্দেশ্যে তাকে আটক করতে আসে।
এসআই মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুলুর বাড়িতে অভিযান চালাতে গেলে গ্রামবাসীর রোষানলে পড়েন তারা। তবে দুলুর বিরুদ্ধে থানায় কোন মামলা নেই বলে স্বীকার করলেও ঘটনার সময় গুলি ছোঁড়ার কথা অস্বীকার করেন তিনি।
